আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বর্তমানে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তাঁদের পাঠদানের জন্য রয়েছেন সাতজন শিক্ষক-শিক্ষিকা।
অভিযোগ, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বসার জন্য পর্যাপ্ত ও ভালো মানের টেবিল-বেঞ্চ নেই। পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে দাবি পড়ুয়া ও অভিভাবকদের। বৃষ্টির সময় বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের ছাদ দিয়ে জল পড়ে। ফলে শ্রেণিকক্ষে বসে স্বাভাবিকভাবে পঠন-পাঠন চালিয়ে যেতে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের।
বিদ্যালয়ে সীমানা প্রাচীর বা বাউন্ডারি না থাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে, মিড-ডে মিলের খাবার খাওয়ার জন্যও ছাত্রছাত্রীদের উপযুক্ত বসার ব্যবস্থা নেই বলে অভিযোগ। ফলে বিদ্যালয়ের দৈনন্দিন পঠন-পাঠনের পাশাপাশি নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পড়ুয়াদের।
এদিকে, বিদ্যালয়ে সাতজন শিক্ষক-শিক্ষিকা থাকা সত্ত্বেও তাঁদের মধ্যে কয়েকজন নিয়মিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না বলে অভিযোগ করেছে ছাত্রছাত্রীদের একাংশ। তাঁদের দাবি, শিক্ষকদের দেরিতে বিদ্যালয়ে আসার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে ক্লাস শুরু হয় না এবং পঠন-পাঠনে ব্যাঘাত ঘটে।
বিদ্যালয়ের একাধিক সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, শ্রেণিকক্ষের ছাদ মেরামত, সীমানা প্রাচীর নির্মাণ এবং পঠন-পাঠনের পরিবেশ স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয়, কবে এই সমস্যাগুলি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করে।
























