আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার জোয়ালীখামার এলাকায়। দীর্ঘ বছর ধরে বিশ্বকর্মা পূজা করে আসা স্থানীয় বাসিন্দা টুটন দাশের বাড়িতে পূজার রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কমল নমঃ ও শ্যামল দাশ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবছরও টুটন দাশের বাড়িতে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের উপস্থিতিতে বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। অভিযোগ, পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাত গভীর হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
টুটন দাশের অভিযোগ, রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে কমল নমঃ ও শ্যামল দাশ তাঁর বাড়ির সামনে এসে রাস্তায় রাখা একটি গাড়ি কার তা জানতে চান। তিনি জানান, গাড়িটি তাঁর এক আত্মীয়ের। এরপর রাস্তায় গাড়ি রাখা নিয়ে আপত্তি জানানো হয় এবং বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ।
টুটন দাশের দাবি, প্রথমে বচসা হলেও পরবর্তীতে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বাড়ির মহিলা সদস্যসহ পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি ভয়ে পরিবারের কয়েকজন সদস্য রাতের অন্ধকারে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগ, টুটন দাশের আত্মীয়ের টিআর০১এসি০৭০৮ নম্বরের গাড়িটি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বাড়িতে থাকা মহিলাদের উপরও হাত তোলার অভিযোগ উঠেছে। ঘটনার পর সোমবার টুটন দাশ ও তাঁর পরিবারের সদস্যরা উদয়পুর মহিলা থানায় গিয়ে কমল নমঃ ও শ্যামল দাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, পূজার মতো সামাজিক অনুষ্ঠানের রাতে এ ধরনের ঘটনা কাম্য নয়। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনও জানা যায়নি। পুলিশের তরফেও ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা স্পষ্ট হবে।


















