আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করছে সোনামুড়া থানার বিশেষ পুলিশ দল। জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে যুক্ত আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রের দাবি, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নামের তথ্য পাওয়া যায়। বর্তমানে ওই নামগুলির সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের মাধ্যমেও প্রাপ্ত তথ্য যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।
তদন্তে অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে। তবে জিজ্ঞাসাবাদে উঠে আসা নামগুলির বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
উল্লেখ্য, একই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চলতি বছরের ১৯ জুন আরও একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি বর্তমানে সোনামুড়া জেল হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং ধৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কতদূর এগোয়, সেদিকেই নজর রয়েছে।



















