আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চোরের দলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানাধীন শনি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, শনি বাজার এলাকার বাসিন্দা স্বপন দেববর্মা মাত্র ছয় দিন আগে একটি বোলেরো পিকআপ গাড়ি কিনেছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি গাড়িটি বাড়ির সামনেই রেখে ঘুমিয়ে পড়েন। কিন্তু রবিবার ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গাড়িটির চাকা খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনাটি নজরে আসার পরই তিনি সিধাই থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং ঘটনার তদন্ত শুরু করে।
গাড়ির মালিক স্বপন দেববর্মার অভিযোগ, এই নিয়ে দ্বিতীয়বার তাঁর গাড়ির চাকা চুরি হয়েছে। তাঁর ধারণা, নেশাসক্ত ব্যক্তিরাই এই চুরির ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে চুরির সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
এদিকে, দিনের পর দিন গাড়ির চুরি ও গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করায় এখন চোরের দলকে শনাক্ত করে আইনের আওতায় আনা যায় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।



















