আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের পূর্ব গকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ১০টি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
জনসম্পর্কের মাধ্যমে সাধারণ মানুষের প্রকৃত জীবনযাত্রা, তাঁদের দৈনন্দিন সমস্যা ও বিভিন্ন প্রয়োজন সম্পর্কে সরাসরি অবহিত হওয়ার পাশাপাশি তাঁদের মতামত জানার চেষ্টা করেন সাংসদ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ সম্পর্কেও খোঁজ নেন তিনি।
এই কর্মসূচির উদ্দেশ্য শুধু মানুষের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ স্থাপন নয়, বরং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে তাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। একইসঙ্গে আগামীদিনে ভারতীয় জনতা পার্টির পদাধিকারী ও কার্যকর্তাদেরও সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক স্থাপনে উদ্বুদ্ধ করতেই এই জনসম্পর্ক কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানা গেছে।
সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের মাধ্যমে দলীয় কার্যকর্তাদের নিয়মিতভাবে মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যা জানার এবং প্রয়োজন অনুযায়ী পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।



















