কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কমলপুর টাউন হলের পেছনে, পশ্চিম দিকে অবস্থিত মোহনলাল রায়ের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সকাল প্রায় ৭টা নাগাদ মোহনলাল রায়, তাঁর স্ত্রী ও ছেলে আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ছেলেকে কলকাতায় পাঠানোর জন্য তাঁরা বিমানবন্দরে গিয়েছিলেন। পরে রাত প্রায় ৯টা নাগাদ তাঁরা বাড়িতে ফিরে আসেন।
বাড়িতে ফিরে ঘরের দরজা খুলতেই পরিবারের সদস্যরা দেখতে পান, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর তাঁরা দেখতে পান, আলমারি ও শোকেস ভাঙা হয়েছে। অভিযোগ, সেখান থেকে প্রায় দেড় লক্ষ টাকা নগদ, চার ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরেরা।
ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কীভাবে চোরেরা বাড়িতে প্রবেশ করল এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, বাড়ির মালিক মোহনলাল রায় পেশায় এলআইসি এজেন্ট এবং তাঁর স্ত্রী পোস্ট অফিসের এজেন্ট হিসেবে কর্মরত। দিনের বেলায় বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে এই ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনা সম্পর্কে মোহনলাল রায়ের সমন্ধি পাপন সেন সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত জানান। ঘটনার তদন্তের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুলিশের তৎপরতার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।



















