তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের এক যুবক। ওি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।
আহত যুবকের নাম দুলু দাস (৩২)। স্থানীয় সূত্রে জানা যায়, রেলে যাতায়াতের সময় কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। এরপর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা গুরুতর আহত দুলু দাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
তবে কোন ট্রেনে করে দুলু দাস যাত্রা করছিলেন, কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং ঠিক কীভাবে চলন্ত ট্রেন থেকে তিনি পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছে সকলেই।



















