ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। বিষ্ণুপুর জেলার এই বিখ্যাত হ্রদ পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মার্কিন কনসাল জেনারেল ক্যাথি গাইলস-ডিয়াজ এবং অন্যান্য আধিকারিকরা।
শুক্রবার মণিপুরে পৌঁছন মার্কিন রাষ্ট্রদূত। ইম্ফল শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত লোকটাক হ্রদ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। ছোট্ট অন্তর্দেশীয় সমুদ্রের মতো দেখতে এই হ্রদের ভাসমান দ্বীপ ‘ফুমদি’ এবং তার উপর ভাসমান কুঁড়েঘরে বসবাসকারী মৎস্যজীবীরা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।
মণিপুরের মুখ্যমন্ত্রী যুমনাম খেমচাঁদ সিংয়ের সঙ্গে শুক্রবার সাক্ষাতের সময় গোর বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ নজর একটি বৈচিত্র্যময় দেশের জন্য ইতিবাচক পদক্ষেপ। তিনি মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গেও লোক ভবনে সাক্ষাৎ করেন।
মন্ত্রিপুখরিতে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে খেমচাঁদ সিংয়ের সঙ্গে বৈঠকে মণিপুরকে ‘অসাধারণ সুন্দর জায়গা’ বলে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। রাজ্যে কত সংখ্যক পর্যটক আসেন, সে বিষয়েও তিনি জানতে চান বলে মুখ্যমন্ত্রীর দফতরের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন গোর। তাঁর কথায়, দুই নেতার সম্পর্ক সাধারণ কোনও প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এবং ট্রাম্প ব্যক্তিগতভাবেও এই সম্পর্ককে গুরুত্ব দেন।
মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং মার্কিন রাষ্ট্রদূতকে আসন্ন মণিপুর সাংগাই উৎসব ২০২৬-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। পর্যটন ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রকে রাজ্যের উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরেন তিনি।
খেমচাঁদ সিং বলেন, ভারত একটি ‘মিনি ওয়ার্ল্ড’ এবং মণিপুর হল ‘মিনি ইন্ডিয়া’। রাজ্যে ৩৬টি সম্প্রদায়ের বসবাস রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আগামী ২১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১০ দিন ধরে অনুষ্ঠিত হবে মণিপুর সাংগাই উৎসব ২০২৬। এবারের উৎসবের মূল ভাবনা ‘ডেস্টিনেশন মণিপুর’। রাজ্যের শিল্প ও সংস্কৃতি, হস্ততাঁত, হস্তশিল্প, চারুকলা, আদিবাসী ক্রীড়া, স্থানীয় খাবার ও সঙ্গীতের পাশাপাশি ইকো-ট্যুরিজম এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রচার ও প্রদর্শন করা হবে এই উৎসবে।
আইএএনএস



















