বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিবকালী মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে ওই মন্দিরে জাঁকজমকপূর্ণ কালীপূজার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে মন্দিরে প্রণাম করতে আসা ভক্তদের নজরে আসে চুরির বিষয়টি। অভিযোগ, রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে চোরেরা প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। তবে পুলিশি ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীর একাংশ। তাঁদের অভিযোগ, মন্দিরে চুরির পর পুলিশকে জানানো হলেও যথাযথভাবে তদন্ত বা নিরাপত্তার ব্যবস্থা না করে মন্দির কমিটিকেই পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশের এমন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার ও নেশার টাকা জোগাড় করতে চুরির ঘটনা বাড়ছে। নেশার টাকা জোগাড়ের জন্য একাংশের নেশাগ্রস্ত ব্যক্তি মন্দির, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এলাকাবাসীর আরও অভিযোগ, চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও অনেক ক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই তারা জামিনে মুক্ত হয়ে ফের একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
স্থানীয়দের দাবি, মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় নেশা ও চুরি রুখতে পুলিশি নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কি না এবং চুরির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।


















