আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লক এলাকায় এই বিজয় মিছিলে বাজি-পটকা ফাটিয়ে উচ্ছ্বাসে মাতেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা।
জানা গেছে, ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া আজ সম্পন্ন হয়। লেফুঙ্গা ব্লকের অধীন ১০টি ভিলেজ কাউন্সিল থেকে মোট ৮০টি মনোনয়নপত্র জমা পড়ে এবং স্ক্রুটিনির পর সেগুলি গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।
স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল বের করা হয়। মিছিলে বাজি-পটকা ফাটিয়ে বিজয় উদযাপন করেন তিপ্রা মথার নেতা-কর্মী ও সমর্থকরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিপ্রা মথার লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি দীপক দেববর্মা। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ভিলেজ কাউন্সিলের সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও দলীয় সমর্থকরা মিছিলে অংশ নেন।
বিজয় মিছিলকে ঘিরে এলাকায় দলীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই জয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন টিটিএএডিসি-এর সিইম রুনিয়েল দেববর্মা। তিনি দলের নেতা-কর্মী ও সমর্থকদের অভিনন্দন জানান এবং ভিলেজ কাউন্সিলের মাধ্যমে এলাকার মানুষের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















