বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ননজলা এলাকার গভীর জঙ্গল থেকে তাদের আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে একদল যুবকের হামলার শিকার হন বিশালগড়ের ঠিকাদার প্লাবন সাহা এবং তাঁর সঙ্গী সাগর নাথ। হামলায় তাঁরা আহত হওয়ার পাশাপাশি তাঁদের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর বিশ্রামগঞ্জ থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করে। মামলাটির নম্বর ৩১/২০২৬। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার সকালে গোপন সূত্রে অভিযুক্তদের অবস্থান সম্পর্কে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে ননজলা এলাকার গভীর জঙ্গল থেকে সুরেন্দ্র রিয়ান এবং ফণী রায় দেববর্মাকে আটক করা হয়। পরে তাঁদের বিশ্রামগঞ্জ থানায় নিয়ে গিয়ে লকআপে রাখা হয়।
বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান, গ্রেফতার দুই অভিযুক্তকে বুধবারই বিশালগড় মহকুমা আদালতে পেশ করা হবে। মামলায় অভিযুক্ত বাকি ব্যক্তিদেরও গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বাকি অভিযুক্তদেরও আইনি প্রক্রিয়া মেনে গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



















