আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি ভিলেজ কমিটির সবকটিতেই তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানা গেছে।
ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেফুঙ্গা ব্লকেই এই ফলাফল সামনে এসেছে। ব্লকের অধীন ১০টি ভিলেজ কমিটির কোনওটিতেই তিপ্রা মথা ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
জানা গেছে, এনডিএ জোটের শরিক বিজেপি ও আইপিএফটি-র পাশাপাশি বিরোধী সিপিআইএম ও কংগ্রেসের পক্ষ থেকেও ওই ১০টি ভিলেজ কমিটির জন্য কোনও মনোনয়ন দাখিল করা হয়নি। ফলে প্রতিটি ক্ষেত্রেই তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
গোটা মনোনয়ন প্রক্রিয়া এবং লেফুঙ্গা ব্লকের ভিলেজ কমিটি নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন লেফুঙ্গা ব্লকের রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক।
লেফুঙ্গা ব্লকের ১০টি ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীদের জয়কে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।



















