আগরতলা, ৮ সেপ্টেম্বর: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টস -এর ত্রিপুরা রাজ্য শাখা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জিবিপি হাসপাতালের ডেপুটি এমএস কনক চৌধুরী, সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, “একটি সুস্থ ও সমৃদ্ধ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। চিকিৎসা এবং শারীরিক পূর্ণ সুস্থতার মধ্যবর্তী সেতুবন্ধন হিসেবে ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম প্রধান ভিত্তিস্তম্ভ হিসেবে কাজ করে।” তিনি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টদের এই নিরলস প্রচেষ্টার তীব্র প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টস-এর ত্রিপুরা শাখার অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনার পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরা হয়।



















