আগরতলা, ৭ সেপ্টেম্বর: ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে রাজনৈতিক তৎপরতা শুরু হলেও এখনও পর্যন্ত শাসক ও বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা পড়েনি। অন্যদিকে, তিপরা মথার প্রার্থীরা ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন।
লেফুঙ্গা ব্লকের অন্তর্গত মোট ১০টি ভিলেজ কমিটি রয়েছে। এর মধ্যে পাঁচটি ভিলেজ কমিটি থেকে তিপ্রা মথা মনোনীত মোট ৩৯ জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি ভিলেজ কমিটিগুলি থেকেও তিপ্রা মথার প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।
তবে এখনও পর্যন্ত শাসক দল বিজেপি, বিরোধী দল সিপিআই(এম) ও কংগ্রেস এবং শাসক জোটের শরিক আইপিএফটির পক্ষ থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে লেফুঙ্গা ব্লকে বর্তমানে কার্যত শাসক-বিরোধী শূন্য পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতিও জোরকদমে চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লেফুঙ্গা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক।
তিনি জানান, সুস্থ, স্বাভাবিক, অবাধ ও নির্ভীক পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক এলাকার সমস্ত ভোটারের কাছে নির্দিষ্ট দিনে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ও প্রশাসনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
ভিলেজ কমিটি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই লেফুঙ্গা ব্লকে রাজনৈতিক মহলের নজর বাড়ছে। শেষ পর্যন্ত বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস ও আইপিএফটির পক্ষ থেকে কতজন প্রার্থী মনোনয়ন জমা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

















