আগরতলা, ৬ সেপ্টেম্বর: সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের উদ্যোগে আয়োজন করা হলো এক বিনামূল্যে স্বাস্থ্যশিবির। রবিবার আয়োজিত এই স্বাস্থ্যশিবিরে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন।
শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিমা ভৌমিক, বিশিষ্ট চিকিৎসক সুব্রত দেবনাথ-সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শিবিরে আগত রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে চিকিৎসকরা পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনাও প্রদান করেন।
এদিন স্বাস্থ্যশিবির পরিদর্শন করেন অতিথিরা। তাঁরা শিবিরের বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের সঙ্গেও মতবিনিময় করেন।
স্বাস্থ্যশিবির পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক বলেন, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা অত্যন্ত উপকারী বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করতে বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকা প্রয়োজন। ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।



















