আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ এবং ৫ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রস্তুতি শুরু করেছে এডিসির শাসকদল তিপরা মথা।
এরই ধারাবাহিকতায় শনিবার লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি ভিলেজ কাউন্সিলের মধ্যে ৫টি ভিসির জন্য তিপ্রা মথা মনোনীত মোট ৩৮ জন প্রার্থী মিছিল করে মনোনয়নপত্র দাখিল করেন। নেচে-গেয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার লেফুঙ্গা ব্লক সভাপতি দীপক দেববর্মা, যুব নেতা প্রশান্ত দেববর্মা সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
মনোনয়ন দাখিলের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভিসি নির্বাচন নিয়ে সিইএম রুনিয়েল দেববর্মা দাবি করেন, এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনে তিপ্রা মথা দলের একচ্ছত্র জয় নিশ্চিত। তবে জোটের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, দলের তরফে নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। ভবিষ্যতে জোট হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটধর্ম পালন করা হবে বলেও জানান তিনি।



















