নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা। আজ সচিবালয়ে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে ক্যাব পরিষেবা বাস্তবায়ন ও পরিবহণ দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আলোচনায় অংশ নিয়ে পরিবহণ ও পর্যটন মন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম বিমান বন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেল স্টেশনে ক্যাব পরিষেবা চালু হলে রাজ্য ও বহিঃরাজ্য থেকে আগত যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।
তিনি বলেন, ক্যাব পরিষেবা চালু হওয়ার ক্ষেত্রে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকার তা বরদাস্ত করবে না। এ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন অটোরিক্সা সংঘের পক্ষ থেকে ভাড়ার রেট চার্ট গ্রহণ করা হবে। সরকার তাদের প্রস্তাব বিবেচনা করে একটা সমন্বয়ের মধ্যে রেট চার্ট ঠিক করবে। কোনও অবস্থাতেই অতিরিক্ত ভাড়া বিবেচিত হবে না।
সভায় পরিবহন মন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে সাধারণ মানুষের চাহিদা অনুসারেই পরিবহণের ক্ষেত্রে সরকার সুন্দর একটা ব্যবস্থা প্রণয়ন করতে চায়। তিনি বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেককেই পুরাতন পদ্ধতি বাদ দিয়ে নতুন পদ্ধতির সাথে যুক্ত হওয়া দরকার। কারণ বর্তমান যুগ হলো ডিজিটাইজেশনের যুগ। এবিষয়ে মন্ত্রী প্রতিটি শ্রমিক সংঘের পক্ষ থেকে সহযোগিতার আহ্বান জানান। সভায় উপস্থিত অটোরিক্সা সংঘের পক্ষ থেকে এবিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় পরিবহণ মন্ত্রী আরও বলেন, অমৃত ভারত স্টেশনগুলিতে সমস্ত আধুনিক ব্যবস্থা রাখার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। তিনি যোগেন্দ্রনগর রেল স্টেশনে অত্যাধুনিক সিসি ক্যামেরা চালু করার প্রতি গুরুত্ব আরোপ করেন। সভায় অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনের আধিকারিকগণ, পরিবহণ ও আরক্ষা দপ্তরের আধিকারিকগণ, নাগেরজলা, বাধারঘাট, যোগেন্দ্রনগর অটোরিক্সা ও ইলেক্ট্রিক অটো শ্রমিক সংঘ, অন্যান্য শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ এবং ওরা রাইড, ওবের ও নীলজ্যোতি ট্র্যাভেলসের প্রতিনিধিগণ।
———-























