আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে। এর মধ্যে সাধারণ ডিগ্রি কলেজে ২৪৩টি, পেশাদার কলেজে ২৬টি, টেকনিক্যাল কলেজে ৪৬টি এবং পলিটেকনিকে ১০টি পদ খালি রয়েছে। শুক্রবার বিধানসভায় পৃথক প্রশ্নের জবাবে এই তথ্য জানান উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন।
কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সিপিআই(এম) বিধায়ক অশোক চন্দ্র মিত্রের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৬৯,৬৭৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর মধ্যে ২৯টি সাধারণ ডিগ্রি কলেজ, ৫টি পেশাদার কলেজ, ৬টি পলিটেকনিক এবং একটি টেকনিক্যাল কলেজ রয়েছে। বর্তমানে নিয়মিত কলেজ শিক্ষকের সংখ্যা ৭৯৭ জন।
মন্ত্রী জানান, বিষয়ভিত্তিক হিসেবে সরকারি কলেজগুলিতে মোট ৬৮৩টি শিক্ষক পদ অনুমোদিত রয়েছে। এর মধ্যে ২৪৩টি পদ বর্তমানে শূন্য রয়েছে। শিক্ষক সংকট মোকাবিলায় উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০১টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য requisition পাঠিয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের সাক্ষাৎকার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ১৪টি বিষয়ে মোট ৭৪ জন প্রার্থীর নাম দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের সাক্ষাৎকার বর্তমানে চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নির্বাচিত প্রার্থীদের ইতিমধ্যেই অফার লেটার দেওয়া হয়েছে বলেও বিধানসভায় জানানো হয়।
তাৎক্ষণিকভাবে কলেজগুলিতে শিক্ষক ঘাটতি মেটাতে সরকার ৭৩২ জন গেস্ট লেকচারার নিয়োগের অনুমতিও দিয়েছে। পাশাপাশি সরকারি ডিগ্রি কলেজগুলির জন্য আরও ২০০টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন ২০০টি পদের পাশাপাশি বর্তমানে থাকা ৪২টি শূন্য পদেও নিয়োগ শুরু হবে।
পেশাদার কলেজগুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলস সংশোধনের কাজ চলছে। একইসঙ্গে সরকারি মিউজিক কলেজের শূন্য পদ পূরণের বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান উচ্চশিক্ষামন্ত্রী।
এদিকে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর টেকনিক্যাল ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে বলে বিধানসভায় জানানো হয়েছে।


















