আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন জাতীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শনকে জাতীয়তাবাদ ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনের সময় জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের হাতে জাতীয় পতাকার অবস্থান নিয়ে বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, আজ বিধানসভা অধিবেশন চলাকালীন জাতীয়তাবাদ ইস্যুতে জাতীয় পতাকা বিক্ষোভ দেখানোর সময় জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় বির্তক সৃষ্টি করেছেন। উল্টো জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়ে সমালোচিত হয়েছেন। অবশ্য ভুল বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যে শুধরেও নিয়েছেন। পরবর্তী সময়ে সঠিকভাবে পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। ট্রেজারী বেঞ্চের দুই গুরুতর সদস্যের ক্ষণিকের এই ভুল লুফে নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিরোধীদের বিরুদ্ধে সরব হন। ভিডিও বার্তায় তিনি ঘটনাটিকে কেন্দ্র করে সিপিআই(এম)-এর রাজনৈতিক প্রচারের সমালোচনা করেন এবং বিষয়টি নিয়ে বিরোধীদের অবস্থানের নিন্দা জানান।
অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, জাতীয় পতাকার মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনও ধরনের অসতর্কতাকেই হালকাভাবে দেখা উচিত নয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি বক্তব্যে দিনের বিধানসভা কার্যক্রমের বাইরে আরও এক দফা রাজনৈতিক তরজা সামনে এসেছে।



















