আগরতলা, ২৬ আগস্ট: চারটি ভিলেজ কাউন্সিলকে পুরাতন আগরতলা ব্লকের পরিবর্তে সরাসরি বেলবাড়ি ব্লকের আওতায় নিয়ে আসার দাবিতে বুধবার জিরানিয়া মাধববাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দীর্ঘদিনের এই দাবিকে সামনে রেখে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ শুরু করলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসক অনিমেষ ধর, অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রসাদ দাস, মহকুমা পুলিশ আধিকারিক সুধীর কুমারসহ বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবিদাওয়া শোনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন।
পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর শেষ পর্যন্ত আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। ফলে কিছুক্ষণ পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীদের দাবি, পুরাতন আগরতলা ব্লকের অধীনে থাকা ধূপছড়া, রাধামোহনপুর, পশ্চিম রাধামোহনপুর এবং বর্ধমান ঠাকুরপাড়া—এই চারটি ভিলেজ কাউন্সিলকে সরাসরি মেলবাড়ি ব্লকের আওতায় নিয়ে আসতে হবে। এই দাবিতেই এদিন জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তাঁরা।



















