আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। সাক্ষাতে তিনি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর আইনসভায় পাস হওয়া বেশ কয়েকটি বিল, যা দীর্ঘদিন ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেগুলি খতিয়ে দেখার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান।
সাক্ষাৎ শেষে প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন, রাজ্যপাল বরাবরের মতোই অত্যন্ত সদয় ও সহযোগিতাপূর্ণ ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, সংবিধানের ষষ্ঠ তফসিলের মূল চেতনা যথাযথভাবে বজায় রাখা হবে। পাশাপাশি ত্রিপুরার জনজাতি ও ভূমিপুত্র জনগোষ্ঠীর ভূমির অধিকার সংক্রান্ত বিষয়ও রাজ্যপালের সামনে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
সাক্ষাতে টিটিএএডিসিএ-এর চিফ এক্সিকিউটিভ মেম্বার রুনিয়েল দেববর্মাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর জানান, এডিসি আইনসভায় বেশ কয়েকটি বিল পাস হলেও সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় সেগুলি এখনও কার্যকর করা সম্ভব হয়নি। তাঁর কথায়, এডিসির পাস করা বিলগুলি প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে, যার মধ্যে রাজ্যপালের সম্মতিও রয়েছে।
তিনি জানান, বৈঠকে স্বশাসিত পরিষদের আইন প্রণয়ন ও প্রশাসনিক ক্ষমতা এবং পরিষদের ইতিমধ্যে পাস করা আইনগুলি কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এডিসির নেওয়া সিদ্ধান্তগুলি যাতে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই সাংবিধানিক কাঠামোর মধ্যে বাস্তবায়িত হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে টিটিএএডিসি ত্রিপুরার নির্দিষ্ট জনজাতি অধ্যুষিত এলাকায় আইন প্রণয়ন ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে। পরিষদের আইন প্রণয়ন ক্ষমতার আওতায় পাস হওয়া বিলগুলির ক্ষেত্রে নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা পরিচালিত স্বশাসিত পরিষদের একাধিক আইনগত ও প্রশাসনিক বিষয় নিয়ে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিপ্রা মথার নেতৃত্ব দীর্ঘদিন ধরেই এডিসি-র সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা আরও শক্তিশালী করার দাবি জানিয়ে আসছে।



















