আগরতলা, ২৬ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় একটি শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ এল এম সলি শোরুমের বৈদ্যুতিক বক্সে আচমকাই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে অল্পের জন্য বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, বৈদ্যুতিক বক্সের আশপাশে কাঠ, প্লাইউড, প্লাস্টিক, ময়লা-আবর্জনাসহ বিভিন্ন দাহ্য সামগ্রী পড়ে রয়েছে। বৈদ্যুতিক বক্সের পাশে এ ধরনের সামগ্রী রাখা কতটা নিরাপদ, তা নিয়েই প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, শোরুমের ওই অংশে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। বৈদ্যুতিক বক্সের আশপাশে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বা অগ্নিনির্বাপণ সরঞ্জাম চোখে পড়েনি বলেও জানা গেছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্তের পরই পরিষ্কার হবে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও, এই ঘটনার পর শোরুমসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর এবং নিয়ম মেনে পরিচালিত হচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



















