আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করল ডিওয়াইএফআই। রবিবার বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক নয়ন সরকার, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল থেকে অভিযোগ করা হয়, যারা প্রতিনিয়ত রাষ্ট্রবাদ ও জাতীয়তাবাদের কথা বলে, তারাই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন এবং রক্তদান কর্মসূচিতে বাধা সৃষ্টি করেছে। সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, স্বাধীনতা দিবসে বীর সেনানীদের স্মরণে আয়োজিত কর্মসূচি বানচাল করার জন্য একটি মহল এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল।
সংগঠনের দাবি, গত ১৫ আগস্ট ডুকলি এলাকার স্থানীয় যুবকরা ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে রক্তদান শিবির ও জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেন। অভিযোগ, ওই কর্মসূচি বন্ধ করার উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয়। এমনকি নবারুণ দেবের বাড়িতে প্রবেশ করে কয়েকজন দুষ্কৃতী হুমকি দিয়েছে বলেও অভিযোগ করা হয়।
এই ঘটনার প্রতিবাদেই এদিন বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানানো হয়।



















