আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দুই দলের মধ্যে নির্বাচনে জোট নিয়ে কথাবার্তা চলছে। তাই এই মুহূর্তে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।
মুখ্যমন্ত্রী বলেন, তিপ্রা মথা বিজেপির জোটসঙ্গী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এডিসি নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি জানান, আগেও বিজেপি ও মথার মধ্যে জোট নিয়ে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপির ‘দরজা খোলা’ রয়েছে কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, জোটের সম্ভাবনা অবশ্যই রয়েছে। আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “আমরা অ্যালায়েন্স পার্টনার। কথাবার্তা চলছে। এই মুহূর্তে আমি বলব না হবে বা হবে না। কথাবার্তা শেষ হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।”
মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, আসন্ন ভিলেজ নির্বাচনে বিজেপি ও তিপ্রা মথার সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে। তবে জোটের চূড়ান্ত রূপরেখা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত জানাতে রাজি নন তিনি।
তিনি আরও বলেন, বিজেপি জোটসঙ্গীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সবসময়ই ইতিবাচক। ফলে ভিলেজ নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও মথার মধ্যে সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়িত না হলে জোট করবেন না সামাজিক মাধ্যমে লাইভে এসে স্পষ্ট জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। ফলে আগামী ভিলেজ কমিটি নির্বাচনে জোটসঙ্গীদের অবস্থান কী হবে তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি।



















