আগরতলা, ৯ আগস্ট: দেশব্যাপী পালিত ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে গোমতী জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই বিশেষ উদ্যোগ। কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার সকালে উদয়পুর শহরে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর র্যালির আয়োজন করা হয়, যা শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।
তিনি সবুজ পতাকা নেড়ে র্যালির শুভ সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, পুর পরিষদের বিভিন্ন কাউন্সিলর, যুব ও ক্রীড়া দপ্তরের গোমতী জেলার সহ-অধিকর্তা শান্তনু সূত্রধর, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-অধিকর্তা টিংকু বিশ্বাস এবং উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকারসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
র্যালিটি উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। জাতীয় সড়ক, জগন্নাথ দীঘির পশ্চিম পাড়, জামতলা, সেন্ট্রাল রোড এবং হাসপাতাল রোড অতিক্রম করে পুনরায় আট নম্বর জাতীয় সড়কের পাশে রাজর্ষি হল প্রাঙ্গণে এসে র্যালির সমাপ্তি ঘটে। গোটা পথজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেমের আবেগ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। র্যালির সূচনায় পরিবেশন করা হয় জাতীয় সংগীত, যা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেমের অনুভূতিকে আরও জোরদার করে। পরবর্তীতে উপস্থিত অতিথিরা ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তারা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিককে তাদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করা। এর মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও জাতীয়তাবোধকে আরও সুদৃঢ় করা সম্ভব হবে বলে তারা মত প্রকাশ করেন। একই সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উল্লেখ্য, আগামী কয়েকদিন ধরে গোমতী জেলার বিভিন্ন প্রান্তে ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচিকে ঘিরে নানা সচেতনতামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।



















