আগরতলা, ২৩ জুলাই : ত্রিপুরার জাতীয় মহাসড়কের বেহাল অবস্থা, এনএইচআইডিসিএল-এর অধীনে চলমান সড়ক নির্মাণ প্রকল্পের ধীরগতি এবং রাজ্যে প্রস্তাবিত রোপওয়ে প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।
বৈঠকে সাংসদ রাজ্যের বিভিন্ন জাতীয় মহাসড়কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দ্রুত সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত অংশগুলির জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানান। পাশাপাশি, এনএইচআইডিসিএল-এর অধীনে চলমান সড়ক নির্মাণ প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
বিপ্লব দেব জানান, উন্নত সড়ক যোগাযোগ রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি, পর্যটন শিল্পের বিকাশ এবং সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘদিন ধরে চলতে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করা এবং নতুন প্রকল্পগুলিকে গতি দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি তিনি কেন্দ্রীয় মন্ত্রীর নজরে আনেন।
সাংসদের উত্থাপিত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সংশ্লিষ্ট আধিকারিকদের ক্ষতিগ্রস্ত জাতীয় মহাসড়কগুলির দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন। একইসঙ্গে চলমান প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও বৈঠকে ত্রিপুরায় প্রস্তাবিত রোপওয়ে প্রকল্পের সম্ভাবনা ও অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পর্যটন, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতির বিকাশে রোপওয়ে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত প্রকাশ করা হয়।
























