আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ। আহত যুবক বর্তমানে চিকিৎসার পর বাড়িতে ফিরে এসেছেন।
অভিযোগ, গত ১৫ তারিখে ধর্মনগরের জেল রোড সংলগ্ন ছাড়ারপাড় এলাকার বাসিন্দা টিটু দাস নামে এক যুবককে বাবুল ভাজপাড় , রঞ্জিত ভাজপাড় এবং প্রণয় দাস নামে তিন ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে শারীরিকভাবে মারধর করা হয় বলে অভিযোগ।
মারধরের পর গুরুতর আহত অবস্থায় টিটু দাসকে তার বাড়ির সামনে একটি কালভার্টের পাশে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। কিছুক্ষণ পর পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
জানা গেছে, হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর টিটু দাস বাড়িতে ফিরে আসেন। এরপর ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত বাবুল ভাজপাড়, রঞ্জিত ভাজপাড় এবং প্রণয় দাসকে গ্রেফতার করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ধর্মনগরে এক যুবককে অপহরণ করে মারধরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















