আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিচালক জি. এস. রাও। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আইনের বিধান মেনেই ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হবে এবং খুব শীঘ্রই কমিটি তদন্ত শুরু করবে।
এদিন রাজ্য সচিবালয়ে প্রয়াত ডিজিপির মরদেহে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, মুখ্যসচিব জে. কে. সিনহা, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।
ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিচালক জি. এস. রাও জানান, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখতে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। খুব শীঘ্রই কমিটি তদন্তের কাজ শুরু করবে এবং সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত পরিচালিত হবে, বলেন জি. এস. রাও। তিনি আরও জানান, তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
ভারপ্রাপ্ত ডিজিপি আরও জানান, অনুরাগ ধনকরের মরদেহ উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা পুলিশের তিন সদস্যের একটি দল তাঁর পরিবারের সঙ্গে গিয়েছে। এই দলে রয়েছেন পুলিশের আইন-শৃঙ্খলা শাখার আইজি এম. ইপ্পার, ট্রাফিকের পুলিশ সুপার কান্তা জাঙ্গির এবং ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর দ্বিতীয় ব্যাটালিয়নের কমান্ড্যান্ট।



















