মোহনপুর, ২০ জুলাই: মোহনপুর মহকুমায় পূর্বনির্ধারিত গণডেপুটেশন কর্মসূচি পালন করতে না পারার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে সরব হল সিপিআই(এম)। ভানু ঘোষ স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের নেতৃত্ব দাবি করেন, প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় বাধ্য হয়ে কর্মসূচি স্থগিত করতে হয়েছে।
সিপিআই(এম) মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে স্থানীয় বিভিন্ন দাবিকে সামনে রেখে মহকুমা শাসকের কাছে গণডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। দলের দাবি, এই কর্মসূচির জন্য মোহনপুরের এসডিপিও-এর কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদনও নেওয়া হয়েছিল। ফটিকছড়া বাজারে জমায়েত হয়ে মিছিল করে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল। কর্মসূচিতে বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথা ছিল বলেও জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) নেতা রতন দাস অভিযোগ করেন, কর্মসূচির আগেই বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থিত লোকজন ও বাইক বাহিনী জমায়েত শুরু করে। তাঁর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর ভূমিকা নেয়নি। পুলিশের পক্ষ থেকে প্রায় তিন হাজার মানুষের জমায়েতের কথা জানানো হলেও, উত্তেজনা প্রশমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
রতন দাস আরও অভিযোগ করেন, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা পুলিশের দায়িত্ব, কিন্তু দুর্বৃত্তদের আটকাতে পুলিশ ব্যর্থ হয়েছে।
তিনি জানান, পরিস্থিতির কারণে এদিনের গণডেপুটেশন কর্মসূচি স্থগিত করা হয়। ঘটনায় সিপিআই(এম) কর্মী সুভাষ দেবনাথ আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতৃত্ব সুদীপ দেবনাথ, প্রণব দেববর্মা, নয়ন সরকার, সুদীপ সরকার সহ অন্যান্যরা। তাঁরা অভিযোগ করেন, গণতান্ত্রিক কর্মসূচি পালনের অধিকার রক্ষায় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন।























