আগরতলা, ১৮ জুলাই : বেকারদের কর্মসংস্থান, ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা চালু সহ দশ দফা দাবিতে সোনামুড়ায় গণঅবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি।
সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবীন্দ্র চৌমুহনী এলাকায় আয়োজিত এই গণঅবস্থান কর্মসূচিতে সংগঠনের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, রাজ্যের সাধারণ মানুষের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান, সরকারি ব্যবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা চালু, তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের জন্য সরকারি চাকরিতে বিশেষ সুবিধা প্রদান এবং জনগণনার কাজ দ্রুত সম্পন্ন করার মতো একাধিক দাবি তুলে ধরা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য তপশিলি জাতি সমন্বয় কমিটির রাজ্য সম্পাদক সুধন দাস। গণঅবস্থান চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।
সুধন দাস বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তার অধিকাংশই পূরণ হয়নি। তাঁর অভিযোগ, রাজ্যে কর্মসংস্থানের অভাবের কারণে বহু যুবক কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন এবং গ্রামীণ অর্থনীতিও দুর্বল হয়ে পড়েছে।
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
গণঅবস্থান কর্মসূচিতে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটির কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সংগঠনের পক্ষ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।



















