আগরতলা, ১৩ জুলাই : কথা রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিরল রোগে আক্রান্ত ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য পাশে থাকার যে আশ্বাস তিনি দিয়েছিলেন, তারই অংশ হিসেবে রবিবার তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, সাংসদের নির্দেশে আগরতলা ও নয়াদিল্লিতে তাঁর কার্যালয় মনশ্রীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এমসে চিকিৎসার সমস্ত প্রক্রিয়ায় সহযোগিতা করে। এর আগে সম্ভাব্য চিকিৎসা সহায়তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা করেন সাংসদ। পাশাপাশি শিশুটির বিরল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শেফালি গুলাতির সঙ্গেও তিনি আগাম যোগাযোগ করেন।
এমসে চিকিৎসা শেষে সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান মনশ্রীর বাবা ধ্রুব চৌধুরী। তিনি বলেন, ডা. শেফালি গুলাতি জরুরি ছুটিতে থাকলেও সাংসদের অনুরোধে মনশ্রীর চিকিৎসার দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে এমসের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল দীর্ঘ সময় ধরে শিশুটির শারীরিক অবস্থার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে এবং পরবর্তী চিকিৎসা সম্পর্কে প্রাথমিক পরামর্শ দেয়।
ধ্রুব চৌধুরী জানান, চিকিৎসকদের মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতেই মনশ্রীর পরবর্তী চিকিৎসার রূপরেখা নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, এমসের চিকিৎসক দল শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে সাংসদ বিপ্লব কুমার দেবকেও অবহিত করেছেন।
পরিবারের যাতায়াত ও চিকিৎসা সংক্রান্ত কোনো অসুবিধা যাতে না হয়, সেজন্য নয়াদিল্লিতে সাংসদের ব্যক্তিগত সচিব ত্রিপুরা ভবন থেকে এমস পর্যন্ত পরিবারের সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করেন। এছাড়া সাংসদের হস্তক্ষেপে এমসে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের তারিখও এগিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান ধ্রুব চৌধুরী।
আগামী শুক্রবার চিকিৎসকদের সঙ্গে পরিবারের পুনরায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এমসের চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরই মনশ্রীর উন্নত চিকিৎসার পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা হবে।



















