কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের গেটের বাইরে পোস্টার লাগাচ্ছেন পরিবারের সদস্যরা। প্রিয়জনের কোনও সন্ধান মিলবে—এই আশায় হাসপাতালের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন তাঁরা।
হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ শনাক্ত করতে পোস্টমর্টেম বিভাগের গেটে উদ্ধার হওয়া মৃতদেহগুলির ছবি প্রদর্শন করছে। পরিবারের সদস্যরা যাতে সহজে তাঁদের নিখোঁজ স্বজনদের শনাক্ত করতে পারেন, সে জন্য প্রতি ঘণ্টায় ছবিগুলি আপডেট করা হচ্ছে।
বন্যায় নিখোঁজ এক ব্যক্তির ভাই আইএএনএসকে বলেন, “এটি আমার ভাই। সে এখনও রাসুয়ায় নিখোঁজ। এখনও তার কোনও খবর পাইনি। বন্যার দু’দিন আগে শেষবার তার সঙ্গে কথা হয়েছিল।”
আর এক ব্যক্তি তাঁর তিন ভাইয়ের ছবি দেখিয়ে জানান, তাঁরা প্রত্যেকেই গাড়িচালক। চিনে গাড়ি নিয়ে যাওয়ার পথে বন্যার কবলে পড়ে তিন ভাইই নিখোঁজ হয়ে যান।
একজন উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি উদ্ধারকারী দল ও সরকারি কর্মীদের কাজের প্রশংসা করে বলেন, রাসুয়ায় নেপাল সরকার ও উদ্ধারকারী দল লাগাতার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং নিখোঁজদের সন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। তবে এখনও বহু মানুষের কোনও সন্ধান মেলেনি।
দুর্যোগের মুহূর্তের স্মৃতিচারণ করে এক স্থানীয় বাসিন্দা জানান, তাঁরা কাস্টমস দফতরের কাছে ছিলেন। তিনি গাড়ির মধ্যে ঘুমোচ্ছিলেন। পরে চা খেতে বাজারে যাওয়ার সময় হিমবাহ ধসের ঘটনা ঘটে। সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি উঁচু জায়গায় দৌড়ে যান। তবে বহু মানুষ সেখানে আটকে পড়েন এবং পরে নিখোঁজ হন।
আর এক ব্যক্তি তাঁর নিখোঁজ ভগ্নিপতির কথা জানিয়ে বলেন, রাসুয়া সীমান্তের কাছে একটি মেসে কাজ করতেন তিনি। সেখান থেকে বন্যার খবর পাওয়ার পর ফোন করে পরিস্থিতির কথা জানিয়েছিলেন। প্রায় এক ঘণ্টা পর তাঁকে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এক মহিলা জানান, তাঁর দাদার নাতি নিখোঁজ। সীমান্তে একটি গাড়িতে মাল তোলার জন্য গিয়েছিলেন তিনি। গাড়িতে মাল তোলা হয়ে গিয়েছিল এবং সেখান থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মাত্র কয়েক মিটার দূরে দুর্ঘটনার কবলে পড়েন। তারপর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে নুয়াকোটেও নিখোঁজদের পরিবারের সদস্যরা সেনা শিবিরের বাইরে জড়ো হয়েছেন। প্রিয়জনদের ছবি হাতে নিয়ে তাঁদের কোনও সন্ধান পাওয়ার আশায় অপেক্ষা করছেন তাঁরা।
বন্যাকবলিত এলাকাগুলিতে উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির বহু পরিবার এখনও নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আশায় রয়েছেন। একইসঙ্গে প্রশাসন নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার হওয়া মৃতদেহগুলি শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।
—আইএএনএস


















