নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। এর ফলে রাজ্যের কিডনি রোগে আক্রান্ত রোগীরা উপকৃত হচ্ছেন। আগামী ১৪ জুলাই, এবং ১৫ জুলাই, ২০২৬ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দুইজন কিডনি রোগীর কিডনি প্রতিস্থাপন করা হবে। জিবিপি হাসপাতাল এবং মণিপুরের সিজা হাসপাতালের কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরপর সাতটি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। গত ৮ জুলাই, ২০২৪ রাজ্যে প্রথম কিডনি প্রতিস্থাপন হয়েছিল এবং ষষ্ঠ ও সপ্তম কিডনি প্রতিস্থাপন হয়েছিল ৩০ ও ৩১ মার্চ, ২০২৬।
এবার যে দু’জনের কিডনি (অষ্টম ও নবম) প্রতিস্থাপন হবে তাদের বয়স যথাক্রমে ২৩ ও ২৫ বছর। জিবিপি হাসপাতাল ও মণিপুরের সিজা হাসপাতালের রিসার্চ ইনস্টিটিউটের কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এজন্য গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে কিডনি দাতা ও গ্রহীতা উভয়েরই বর্তমানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। উল্লেখ্য, এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় নির্দিষ্ট নিয়ম-নীতি মেনে সংশ্লিষ্ট অথরাইজেশন কমিটির বিবেচনা ও অনুমতি পত্র প্রদানের ভিত্তিতেই কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এছাড়াও আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সহ অবশ্যই দাতা ও গ্রহীতার কিডনি ম্যাচ করতে হয়।



















