কৈলাশহর, ৬ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি জটিল অস্ত্রোপচার করে ৬ বছর বয়সী এক শিশুর ঘাড় থেকে জন্মগত থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট অপসারণ করেছেন। সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হওয়া এই অস্ত্রোপচারের পর শিশুটি দ্রুত সুস্থ হয়ে ওঠায় পরিবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
জানা গেছে, মাছমারা এলাকার বাসিন্দা ওই শিশুটির ঘাড়ের সামনের অংশে দীর্ঘদিন ধরে টিউমারের মতো একটি ফোলা মাংসপিণ্ড ছিল। সময়ের সঙ্গে সেটির আকার ক্রমশ বাড়তে থাকায় শিশুটি শারীরিক অস্বস্তিতে ভুগছিল। পরে তাকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা নিশ্চিত হন যে, এটি একটি থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, যা একটি জন্মগত শারীরিক ত্রুটি। চিকিৎসকদের মতে, সময়মতো অস্ত্রোপচার না করলে ভবিষ্যতে সংক্রমণসহ নানা জটিলতার ঝুঁকি তৈরি হতে পারত।
পরিস্থিতি বিবেচনা করে জেলা হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ সার্জন ডাঃ অরূপ চক্রবর্তী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত ২৬ জুন, ২০২৬ সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির ঘাড় থেকে সম্পূর্ণভাবে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্টটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর শিশুটির শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় পরদিনই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
অস্ত্রোপচারকারী দলের নেতৃত্বে ছিলেন ইএনটি সার্জন ডাঃ অরূপ চক্রবর্তী। অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ অমিত পাল চৌধুরী। এছাড়া নার্সিং অফিসার হিসেবে ছিলেন মুনদীপা দেববর্মা এবং ওটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন মিথুন মল্ল।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এত সফল ও জটিল অস্ত্রোপচার সম্ভব হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁরা চিকিৎসক, নার্সিং অফিসার এবং সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
———-



















