ধর্মনগর প্রতিনিধি: উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর সার্কিট হাউসে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান ‘মেধাবীদের সঙ্গে চা-আড্ডা’। অনুষ্ঠানে জেলার কৃতী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানান জেলাশাসক চাঁদনী চন্দন এবং জেলা পুলিশ সুপার।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৪৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে তাঁদের শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা, সাফল্যের পেছনের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজ ও দেশের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে এক আন্তরিক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মানপ্রাপ্তদের মধ্যে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল-এর ৬ জন কৃতী শিক্ষার্থী এবং পি.এম.সি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল-এর ৫ জন কৃতী শিক্ষার্থী বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি ৪ জন দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীকেও তাঁদের বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা জানানো হয়।
এদিন জেলা শাসক তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। তাঁদের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং গোটা জেলার গর্ব। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাঁদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং আগামী প্রজন্মের সামনে ইতিবাচক অনুপ্রেরণার দৃষ্টান্ত তুলে ধরা।
অনুষ্ঠিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।
























