আগরতলা, ২৪ জুন : নাটকীয় অবরোধ প্রত্যাহার করল আত্মসমর্পণকারী বৈরীরা। সাত দফা দাবিতে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি) এবং জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি) অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের ডাক দিয়েছিল। অবশেষে প্রশাসনের আশ্বাস পেয়ে বুধবার সকালেই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দুই সংগঠনের নেতৃত্ব।
সূত্রের খবর, সংগঠনগুলির উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতেই চলমান ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন এলাকার জনজীবন। বড়মুড়া-সহ একাধিক স্থানে সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। যানবাহন চলাচল পুনরায় শুরু হওয়ায় সাধারণ যাত্রী ও পরিবহণ পরিষেবা অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে।
ধর্মঘটের জেরে বিগত কয়েকদিন ধরে সাধারণ মানুষকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আন্দোলন প্রত্যাহারের পর বাজার, দোকানপাট এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দৈনন্দিন জীবনযাত্রা।
জেএআরসি এবং জেএসি নেতৃত্ব জানিয়েছে, সরকারের ইতিবাচক মনোভাব এবং দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে, সরকার দ্রুত প্রতিশ্রুত পদক্ষেপগুলি বাস্তবায়নের উদ্যোগ নেবে। স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি নেমে এসেছে। আলোচনার মাধ্যমেই বাকি সমস্যাগুলির শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজ্যবাসী।



















