ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর নাগাদ বাজারিছড়া থানার অধীন চুড়াইবাড়ি চেকগেটে একটি ১২ চাকার ট্রাক (নম্বর: পিবি০৮সিএক্স-৫৬০৮) এসে পৌঁছায়। ট্রাকটিতে আলুর বস্তা বোঝাই ছিল। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গাড়িটি পরীক্ষা করা হলে প্রথমে কোনও সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তবে গভীর তল্লাশিতে আলুর বস্তার নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপের চালান উদ্ধার হয়।
পুলিশ জানায়, ট্রাক থেকে মোট ৯২টি কার্টনে রাখা ১৪ হাজার ১০০ বোতল কোডিন ফসফেটযুক্ত নিষিদ্ধ এস কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। কালোবাজারে উদ্ধার হওয়া এই কফ সিরাপের আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকেই ট্রাকের চালক পাঞ্জাবের বাসিন্দা যোগেশ কুমারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, শিলিগুড়ি থেকে আগরতলায় আলু নিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের সন্দেহ, আলুর আড়ালে বিপুল পরিমাণ মাদকজাতীয় কফ সিরাপ ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যেই এই চালান আনা হচ্ছিল।
উদ্ধার হওয়া সমস্ত কফ সিরাপ ও ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের চিহ্নিত করতে এবং মাদকের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাজারিছড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) নিরঞ্জন দাসের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস অ্যাক্ট)-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, আন্তঃরাজ্য সীমান্তকে ব্যবহার করে সক্রিয় থাকা মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
























