আগরতলা, ৪ জুন: পিতৃসম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে আপন বোনের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ভাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকার ভোগজোরে।
অভিযোগকারী শুক্লা সরকার জানান, তিনি ভোগজোর এলাকার বাসিন্দা ও সুভাষ সরকারের কন্যা। পিতৃসম্পত্তিতে তাঁর ন্যায্য অধিকার দাবি করায় দীর্ঘদিন ধরে তাঁর ভাই এবং ভাইয়ের পরিবারের সদস্যরা তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। একাধিকবার তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার নিরুপায় হয়ে শুক্লা সরকার বামুটিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরেই তাঁর উপর হামলা চালানো হয়েছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে।
তিনি অভিযোগ করে বলেন, রাহুল সরকার, রুবেল সরকার এবং গীতা বিশ্বাস সরকারের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তাঁর কোনো ধরনের ক্ষতি বা অস্বাভাবিক মৃত্যু হলে তার জন্য অভিযুক্তরাই দায়ী থাকবে।
এদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।



















