আগরতলা, ৩০ মার্চ: এডিসি নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে ১৩ সিমনা তমাকারী কেন্দ্রে তিপরা মথা দলের নির্বাচনী তৎপরতা তুঙ্গে। আজ সিমনার সোনারাম বাজারে অনুষ্ঠিত হয় এক বাজার সভা, যেখানে উপস্থিত ছিলেন মথার মনোনীত প্রার্থী রবীন্দ্র দেব্বর্মা, ব্লক প্রেসিডেন্ট নির্মল দেব্বর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্র দেব্বর্মা শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ২০১৯ সালেও বিপিন টিওয়াইএফ-এর গুন্ডা ছিল, এখন বড় বড় কথা বলছে। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল চরম পর্যায়ে পৌঁছেছে এবং সেই কারণেই আগামী নির্বাচনে তারা পরাজিত হবে।
সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, আগামী ১২ এপ্রিল সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আনারস প্রতীকে ভোট দিয়ে তিপ্রা মথা দলকে পুনরায় এডিসিতে ক্ষমতায় আনার জন্য। একই সঙ্গে মহারাজার হাত শক্ত করার আবেদনও জানান তিনি।
এই বাজার সভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

