News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী পদে কে?
Image

রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী পদে কে?

পাটনা, ৪ মার্চ : বিহারের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের আভাস মিলছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শীঘ্রই রাজ্যসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, তাঁর পর বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কে সামলাবেন।

জনতা দল (ইউনাইটেড) (জেডিইউ) সূত্রে খবর, নীতীশ কুমারের রাজ্যসভা মনোনয়নের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। মনোনয়নপত্র তৈরি হয়ে গেছে এবং শুধু মুখ্যমন্ত্রীর স্বাক্ষর বাকি। আগামী ৫ মার্চ তিনি মনোনয়ন জমা দিতে পারেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১ মার্চ তিনি ৭৫ বছরে পা দিয়েছেন।

সূত্রের খবর, ১৬ মার্চ নির্ধারিত রাজ্যসভা নির্বাচনের আগে পর্যন্ত নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে পারেন। তবে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে। যদি তিনি রাজ্যসভায় যান, তাহলে বিহারের রাজনীতিতে এক বড় রদবদল অনিবার্য হয়ে উঠবে।

ঘটনাপ্রবাহ ঘিরে জেডিইউ-র অন্দরে একাধিক বৈঠক হয়েছে। দলের বর্ষীয়ান নেতা ও মন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি মন্ত্রী অশোক চৌধুরী-ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা-ও মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, আগামী রাজনৈতিক কৌশল নির্ধারণের অংশ হিসেবেই এই ধারাবাহিক বৈঠক।

নীতীশ কুমার রাজ্যসভায় গেলে বিহারে নেতৃত্ব পরিবর্তন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। জোটসঙ্গী বিজেপি মুখ্যমন্ত্রীর পদে দাবি জানাতে পারে বলে সূত্রের ইঙ্গিত। অন্যদিকে, নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমারের সক্রিয় রাজনীতিতে প্রবেশের প্রস্তুতিও চলছে। জেডিইউ সূত্রে খবর, তাঁকে আনুষ্ঠানিকভাবে বিহারের রাজনৈতিক ময়দানে আনার পরিকল্পনা করা হচ্ছে। এমনও জল্পনা রয়েছে, নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রীর পদে বিবেচনা করা হতে পারে, যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

নীতীশ কুমার এর আগে বিহার বিধানসভা, বিহার বিধান পরিষদ এবং লোকসভার সদস্য ছিলেন। রাজ্যসভায় নির্বাচিত হলে তিনি বিহার বিধানমণ্ডলের দুই কক্ষ এবং সংসদের দুই কক্ষ সব ক’টির সদস্য হওয়ার বিরল নজির গড়বেন। যদিও এখনও দলীয়ভাবে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু মনোনয়নপত্র প্রায় প্রস্তুত এবং শীর্ষ নেতৃত্বের ঘনঘন বৈঠক ইঙ্গিত দিচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই বিহারের রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যেতে পারে।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top