আগরতলা, ১ জুলাই : দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত দক্ষিণ ত্রিপুরা নিবাসী ময়নাবালা নাথের উন্নত চিকিৎসা জন্য পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার অন্তর্গত কাঞ্চনপুর বিধানসভার রাধামাধবপুর এলাকার নিবাসী ময়নাবালা নাথ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। পরিবারটি আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না।
এই পরিস্থিতিতে সাংসদ রাজীব ভট্টাচার্য্যের সাথে যোগাযোগ করলে তিনহ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল – এ আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন। ওই আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল আবেদন গ্রহণ করেননি, বরং ₹৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) আর্থিক অনুদান মঞ্জুর করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তাঁর কথায়, এই অনুদান শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, এটি একটি অসহায় পরিবারের জন্য আশা, সম্মান ও প্রাণের স্পন্দন। জনগণের রক্ষাকর্তা সকলের অভিভাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।

