মুম্বই, ৩ মে: মুম্বইয়ে অনুষ্ঠিত ওয়েভস শিখর সম্মেলন ২০২৫-এর এক গুরুত্বপূর্ণ মুহূর্তে, গুগল, মেটা ও মাইক্রোসফট-সহ সাতটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা ভারতের নতুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি (আইআইসিটি)-র সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
এই উপলক্ষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারত আগামী দিনে মিডিয়া ও বিনোদন জগতে বিশ্বে নেতৃত্ব দিতে প্রস্তুত। তাঁর কথায়, ‘‘অনেক বৈশ্বিক সংস্থাই ভারতের সঙ্গে এই খাতে কাজ করতে আগ্রহ দেখিয়েছে।’’
মুম্বইতে ৪০০ কোটি টাকার তহবিল নিয়ে গঠিত হতে চলেছে এই আইআইসিটি। মন্ত্রী আরও বলেন, এই প্রতিষ্ঠান আগামী দিনে আইআইটি এবং আইআইএম-এর সমতুল্য মর্যাদা পাবে। আইআইসিটি-কে এনিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিকস (AVGC) ক্ষেত্রে জাতীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেও তিনি জানান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগন এবং মন্ত্রকের সচিব সঞ্জয় জাজুও।

