বাজারিছড়া (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : অসমে নিষিদ্ধ বার্মিজ সুপারি পাচারে জড়িত থাকার অভিযোগে তিনদিন আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে গেছে মোটর চালক ছেলে। ছেলে জেল হাজতে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন বৃদ্ধ বাবা। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীনর কাঁঠালতলিতে।
আজ শনিবার সকালে পরিবারের সদস্যদের নজর এড়িয়ে স্থানীয় বাইঙ্গনবস্তির বাসিন্দা দীনদয়াল কৈরি বাড়ির পাশে একটি আগর গাছের ডালে গলায় শাড়ি জড়িয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে ঘটনাটি দেখেন তাঁর স্ত্রী উর্মিলা কৈরি। খবর চাউর হলে গ্রামের মানুষ ভিড় করেন অকুস্থলে।
খবর দেওয়া হয় কাঁঠালতলি পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে দলবল নিয়ে অকুস্থলে ছুটে যান ফাঁড়ি-ইনচার্জ এসআই রিন্টু গগৈ। যান পাথারকান্দির সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট বালিনবাবা বালারি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের প্রাথমিক ইনকুয়েস্ট করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, আত্মঘাতী বৃদ্ধ দীনদয়াল কৈরি পক্ষাঘাত রোগেও আক্রান্ত ছিলেন। তার ছেলে পেশায় মিনিট্রাক চালক সুজিৎ কৈরি তিনদিন আগে সন্দেহভাজন বার্মিজ সুপারি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েছিল। বর্তমানে সে করিমগঞ্জের জেল হাজতে। ফলে পরিবারের একমাত্র রোজগেরে ছেলে সুজিতের ঘটনায় দুশ্চিন্তায় পড়ে বৃদ্ধ বাবা আত্মহত্যা করেছেন, ধারণা স্থানীয়দের।
এদিকে, এ ঘটনায় বৃহত্তর এলাকায় বার্মিজ সুপারি পাচার সিন্ডিকেটের হাতছানিকে দায়ী করছেন অনেকে। তবে পুলিশ এ কাণ্ডের নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, গভীরভাবে তা-ও খতিয়ে দেখছে।



















