নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমেরিকায় এক আলোচনা চক্রে তিনি দেশের বদনাম করেছেন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে বিজেপি নেতারা রাহুলকে পাল্টা জবাব দিতে শুরু করেছেন।
এদিন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি রাহলকে নিশানা করে বলেন, উনি সব জায়গাতে গিয়েই ক্ষমতা না থাকার কারণে কান্নাকাটি করেন। রাজ পরিবারের সদস্য উনি, ফলে সারাক্ষণ ক্ষমতার ক্ষিদে তাঁর মধ্যে রয়েছে। কিন্তু তাই বলে দেশের বাইরে গিয়ে সেখানেও ভারতের অপমান করবেন সেটা মেনে নেওয়া যায় না। মনোজ আরও বলেন, কখনও কি জর্জ বুশ, বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনরা বিরোধী নেতা থাকাকালীনও দেশের বাইরে গিয়ে আমেরিকার নিন্দা করেছেন? তাঁরা করেন না, কিন্তু রাহুল গান্ধী এসব বোঝেন না।


















