নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ সেপ্টেম্বর:
সোমবার কৈলাসহরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঊনকোটি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। এদিন কৈলাসহর জেলা পরিষদের হলঘরে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা এবং বিধায়ক ভগবান চন্দ্র দাস।
ঊনকোটি জেলার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য সদস্যারা সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের মোট ১৩ জন সদস্যদের মধ্যে এদিন সিপিএম দলের একজন এবং বিজেপি দলের দশ জন সহ মোট ১১ জন শপথ গ্রহণ করেন। তবে জেলা পরিষদের নির্বাচনে কংগ্রেস দল থেকে নির্বাচিত দুই সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
এদিন কৈলাসহর জিলা পরিষদের হলঘরে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়া ছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস, পঞ্চায়েত সচিব ডক্টর সন্দীপ রাঠোর, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে, জেলাশাসক দিলীপ কুমার চাকমা।
অনুষ্ঠানে সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়পত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। এরপর আলোচনাক্রমে জিলা পরিষদের সভাধিপতি হিসেবে নির্বাচিত হন অমলেন্দু দাস এবং সহকারী সভাধিপতি হিসেবে সন্তোষ ধর কে নির্বাচিত করা হয়। এই দুইজনকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা সরকারের পঞ্চায়েত সচিব ডক্টর সন্দীপ রাঠোর। অনুষ্ঠানে বিজেপি দলের বরিষ্ঠ নেতৃত্বদের পাশাপাশি কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।



















