নথিভুক্ত ৪২৯৮১ জন নির্মাণ শ্রমিককে চার হাজার করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে সরকার, ব্যয় হবে ১৭ কোটি ১৯ লক্ষ ২৪ হাজার টাকা : সাধারণ সম্পাদক

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের নথিভুক্ত ৪২,৯৮১ জন নির্মাণ শ্রমিককে চার হাজার করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে ত্রিপুরা সরকারের। এর জন্য ব্যয় হবে ১৭ কোটি ১৯ লক্ষ ২৪ হাজার টাকা। আজ সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস। 

এদিন তিনি বলেন, টানা বৃষ্টিপাতে রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে। অনেকেই রাজ্য সরকারের ত্রান তহবিলে অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। 

এদিন তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বন্যায় দূর্গতদের সাহায্য করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রাজ্য সরকার নথিভুক্ত নির্মাণ শ্রমিকদের মাথাপিছু চার হাজার করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে। তার জন্য সরকারের ১৭ কোটি ১৯ লক্ষ ২৪ হাজার টাকা। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

তাঁর কথায়, সাধারণ থেকে অতি সাধারণ পরিবারের শ্রমিকদের এই অর্থ পৌঁছে দেওয়া হবে। পশ্চিম জেলায় ১৩১৪৮ জন নথিভুক্ত শ্রমিক রয়েছেন। তেমনি, সিপাহীজলা জেলায় ৫৮৯৯ জন, গোমতী জেলায় ৫৬৫৮ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৪১৩৩ জন, খোয়াই জেলায় ৪৫২৯ জন, ধলাই জেলায় ৩৫৯২ জন, ঊনকোটি জেলায় ৩৪৬১ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ২১২১ জন নথিভুক্ত শ্রমিক রয়েছেন।