মালদা, ১২ আগস্ট ( হি. স.) : মালদার ভূতনির বানভাসিদের জন্য মানিকচকে এবং জেলা সদরে ২৪ ঘণ্টার জন্য খোলা হল কন্ট্রোল রুম। মানিকচকে রাত্রিযাপন করে নজরদারি চালাবেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। জেলা শাসক জানান, ‘আজ বিকেলে জনপ্রতিনিধি, বিধায়ক, পুলিশ, সহযোগী সমস্ত বিভাগকে নিয়ে বৈঠক হয়েছে। মানিকচক ব্লকে এবং জেলা সদরে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হচ্ছে। দুর্গতদের জন্য প্রথম দফায় ৪০ কুইন্টাল চিঁড়া, গুড়, ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। দুর্গতদের ত্রিপল দেওয়া হয়েছে। কয়েকটি স্কুলে ফ্লাড সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। দুর্গত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। ফ্লাড সেন্টারগুলিতে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপদ স্থানে সরিয়ে আনা ও যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, ফ্লাড সেন্টারগুলিতে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনীয় ওষুধপত্র মজুত করা হয়েছে। বিশেষ করে সাপে কাটা ওষুধ ও অন্য প্রয়োজনীয় ওষুধ রাখা হচ্ছে। বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে। শিশুখাদ্য, পশুখাদ্য ও অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। বন্যা পরিস্থিতি তদারকির জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা থেকে ৬ জন আধিকারিককে মানিকচকে পাঠানো হচ্ছে। মেডিকেল টিম তৈরি করা হয়েছে, তাঁরা সোমবার থেকে কাজ শুরু করবেন।

