নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): ওয়াকফ (সংশোধনী) বিলের সপক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, এই বিলটি মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া, দরিদ্র ও মহিলাদের উন্নয়নের জন্য। কেন ওয়াকফ সম্পত্তির হিসাব হবে না? আপনি সেই সম্পত্তির মালিক কিনা এটা জানতে চাওয়ায় সমস্যা কী।
উল্লেখ্য, যে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। ফলে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বার বার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মালম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনও আধিকারিকের হাতে। প্রসঙ্গত, বিল নিয়ে বিতর্কের অন্যতম বিষয়, ‘ওয়াকফ বাই ইউজ’ ধারণার অবলুপ্তি। যেহেতু ইসলামিক আইনে ওয়াকফ (দাতব্য কাজে) হিসেবে সম্পত্তিদান অতীতে প্রধানত মৌখিক ভাবেই হয়ে এসেছে, ওয়াকফনামা বা ডিডের প্রচলন কমই ছিল–তাই বহু সম্পত্তি, মাজার-মসজিদ ওয়াকফ স্বীকৃতি পেয়েছে ‘বাই ইউজ’ সূত্রেই।



















