আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। আজ সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন।
প্রসঙ্গত, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের আসন সংখ্যা মোট ৬ হাজার ৯০৯টি। তার মধ্যে ২ হাজার ১০৩টি আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। বাকি ৪৮০৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪ হাজার ৭৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাছাড়া, রাজ্যের ৩৫টি ব্লকে মোট ২ হাজার ২১৯টি ভোট কেন্দ্র রয়েছে। তাতে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্যের প্রায় দশ হাজার নিরাপত্তা কর্মীকে ভোটের কাজে মোতায়েন রয়েছে।



















