কলকাতা, ৮ আগস্ট : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শয্যাশায়ী ছিলেন। বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, বৃহস্পতিবার সকালে প্রাতরাশ করার সময় প্রয়াত হয়েছেন। প্রসঙ্গত, কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক হিসেবে তাঁর সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছিল। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু।


















